গাজীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার জরুন এলাকায় শনিবার ভোরে ডেল্টা স্পিনিং মিলের গুদামে আগুনে পুড়েছে বিপুল পরিমাণ তুলা ও সুতা।
আগুন নেভাতে গিয়ে কারখানার ১৫ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় লাগা এই আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে গাজীপুর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কারাখানার গুদাম সংলগ্ন ব্লো-রুমে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপণকর্মীরা গিয়ে তা নেভায়।
গাজীপুর ফায়র স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কারখানার পরিচালক আমিনুল ইসলাম বলেছেন, নেভাতে গিয়ে কারখানার শ্রমিক মো. ফয়সাল, আবুল হোসেন, কামাল, ইয়াকুব আলী, রুহুল আমিন, নাসির, আজাদ, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে দাবি করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৮ ঘ.
bdnews24