বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার বরিশাল নগরীতে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রুপাতলী থেকে গাড়িটি উদ্ধার করা হয় জানিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানিয়েছেন, ওই গাড়ির চালকই এটি চুরি করে নিয়ে আসেন।
গাড়িচালক রাসেল মিয়াকে (২৮) বৃহস্পতিবার রাতে পল্লবী থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে গাড়িটি উদ্ধার করা হয় বলে এসআই আজিজ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ জুন পল্লবী এলাকার মো. আতাউর রহমানের টয়োটা গাড়িটি চুরি করেন রাসেল। তখন থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করে, বরিশালের রুপাতলী এলাকার ফোরকানের গ্যারেজে গাড়িটি রাখা হয়েছে।
রাসেলের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে। তবে প্রাইভেটকার চুরির সঙ্গে রুপাতলীর ওই গ্যারেজের কেউ জড়িত নয় বলে জানান এসআই আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24