জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক ও সিনেট সদস্যদের একাংশের বিরোধিতার মধ্যই কড়া পুলিশি পাহারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট অধিবেশন কক্ষে এ নির্বাচন শুরুর আগেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তৈরি রাখা হয় জলকামানও।
তবে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর ‘একতরফা নির্বাচনের’ অভিযোগ তুলে জাকসুর সাবেক ভিপি আশরাফউদ্দিন খানের নেতৃত্বে ছয় জন রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট সিনেট সদস্য অধিবেশন বয়কট করে বেরিয়ে আসেন।
আশরাফউদ্দিন খান বলেন, “একতরফা এ নির্বাচন আমরা চাই না। সবার অংশগ্রহণে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।”
এছাড়া রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রার্র্থী সিনেট সদস্য শামসুল কবির খান ‘একতরফা ও অগণতান্ত্রিক’ নির্বাচনের অভিযোগ তুলে প্রার্থীতা প্রত্যাহার করেন।
এদিকে ‘বিতর্কিত ও প্রতিনিধিত্বহীন’ নির্বাচনের এই দিনকে ‘কালো দিবস’ হিসেবে কথা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত শিক্ষক পরিষদ।
আগের দিন দেওয়া আদালতের নির্দেশের প্রতি ‘শ্রদ্ধা’ রেখে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধ করেন তারা। বিভিন্ন দল ও মতের শিক্ষক এবং কয়েকজন সিনেট সদস্যও এতে অংশ নেন।
সিনেট অধিবেশন শুরুর পর তিন শিক্ষকের অনশন ভাঙান সিনেট সদস্য ও জাকসুর সাবেক ভিপি আশরাফউদ্দিন খান। উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে এই তিন শিক্ষক বৃহস্পতিবার অনশনে বসেছিলেন।
গত ৮ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করার পর ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষকরা।
তাদের বলেন, সিনেট সদস্যরা যে তিনজনের প্যানেল মনোনয়ন দেবেন, তার মধ্য থেকেই একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কিন্তু সিনেটের ৯২ জন সদস্যের মধ্যে ৫২ জনের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও নিসেট নির্বাচন করা জরুরি।
তাদের আন্দোলনের প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক আবুল খায়ের সকালে হাই কোর্টে একটি রিট আবেদন করেন। এ বিষয়ে হাই কোর্টের আদেশে বলা হয়, শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ওসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
সে অনুযায়ী সকালে সিনেট ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়।
সিনেট সদস্য ও জাকসুর সাবেক সাধারণ সম্পাদক কে এস রাশেদুল হাসান মাসুম বলেন, “বিশ্ববিদ্যালয়ে পুলিশি পাহারায় ক্যান্টনমেন্ট কায়দায় সিনেট অধিবেশন অসম্ভব, এটি জাসদীয় যুগ নয়।”
আন্দোলন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক নাসিম আক্তার হোসাইন মানবন্ধনে সাংবাদিকদের বলেন, “পুলিশ দিয়ে স্বৈরাচারী কায়দায় মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ায় আমরা মুখে কালো কাপড় বেঁধে এই বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে সড়কে দাঁড়িয়েছি।”
এক পর্যায়ে সিনেট সদস্য সদরুল আলম হারুন মানববন্ধস্থলে ঘোষণা দেন, পুলিশ না সরালে অধিবেশনে যানে না তারা। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন অসম্ভব। হাইকোর্টের সিদ্ধান্তের কারণে আমরা এসেছি।”
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
তিনটি প্যানেলে পাঁচজন প্রার্থী উপাচার্য প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির প্রার্র্থী সিনেট সদস্য শামসুল কবির খান নাম প্রত্যাহার করায় শেষ পর্যন্ত সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আফসার আহমদ ও অধ্যাপক নূরুল আলম উপাচার্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৩৩০ ঘ.
bdnews24