ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকট)- রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জঙ্গি মতবাদের বই, লিফলেট ও ল্যাপটপ।
র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- ডা. মো. মনিরুল হক (২৭), শাহরিজ কবির (২৫), আদনান আহমেদ (১৯) ও তারেক আজিজ (১৮)।
র্যাব জানায়, ১৯ জুলাই রাত আড়াইটার দিকে র্যাব-২ এর একটি দল সুকন্যা টাওয়ার থেকে মনিরুল হককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা এলাক থেকে গ্রেপ্তার করা হয় আরো তিন জনকে ।
ডা. মনিরুল ২০১০ সালে স্যার সলিমুল¬াহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তর ডিগ্রি নিচ্ছেন।
হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার কারণে এর আগেও ২০০৮ ও ২০১১ সালে দুই দফা তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার শাহরিজ কবির ঢাকার রাইফেলস কলেজ থেকে ২০০৮ সালে এইচ এস সি পাশ করেন। গত ছয় মাস ধরে হিজবুতের সঙ্গে জড়িত শাহরিজ বিভিন্ন সময়ে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সংগঠনের সদস্যদের নিয়ে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করতেন।
র্যাব জানিয়েছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আদনান আহমেদ এ সংগঠনের সঙ্গে রয়েছে এক বছর ধরে। তার সহপাঠী তারেক আজিজ ২০১১ সালেও একবার গ্রেপ্তার হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরআরডি/জেকে/১৬২৫ ঘ.
bdnews24