২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমায়ূন মানুষ বুঝেছিলেন, পৌঁছেছিলেন তাদের হৃদয়ে’

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারা বলছেন, এই কথাশিল্পীর মৃত্যু তাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে শোকের, সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারা বলছেন, এই কথাশিল্পীর মৃত্যু তাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে শোকের, সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। হুমায়ূনকে শরৎচন্দ্র উত্তর বাংলা সাহিত্যের অন্যতম ‘বড় লেখক’ অভিহিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বড় মাপের লেখক অনেক সময় জনপ্রিয়তা পাননা। কিন্তু হুমায়ূই ভাইয়ের উপন্যাস যেমন জনপ্রিয়, তেমনি গভীর জীবনবোধে আচ্ছন্ন। মানুষের চরিত্রকে এতো ভালোভাবে বুঝতে তার মতো আর কাউকে দেখিনি।” “একজন জনপ্রিয় লেখক যখন জীবনের গূঢ় বিষয়গুলোকে, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিকে সহজবোধ্য সাবলীলভাবে তার লেখায় তুলে আনেন, তখন একজন সাধারণ পাঠকের মনে সেটার অভিঘাত হয় সবচেয়ে বেশি। এখানেই একজন বড় লেখকের সার্থকতা”, বলেন তিনি। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহদান্ত্রের ক্যান্সরে আক্রান্ত হুমায়ূন। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর। উপন্যাস, গল্প, কল্পবিজ্ঞান, প্রবন্ধ, ভ্রমণকাহিনী ও আত্মজীবীনীসহ ৩২২টি বই প্রকাশের পাশাপাশি নাটক লেখা, চলচ্চিত্র নির্মাণ এমনকি গানের সুরও করেছেন তিনি। হুমায়ূনের বন্ধু, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, “আমার কিছু বলার ভাষা নেই। খুব আশা করেছিলাম সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক।” “হুমায়ূন নেই তা ভাবতে পারছি না। একটা গভীর শূন্যতা তৈরি হলো। বাংলা সাহিত্যে তার াবদান ছিল অনেক। হুমায়ূন ছিল একজন খাঁটি মানুষ”, বলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। হুমায়ূনের বহু নাটকের অভিনেতা আলী যাকেরের ভাষায়, যে কয়জন লেখক সাহিত্যকে সাধারণ মানুষের একেবারে কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন তাদের মধ্যে হুমায়ূন একজন। “হুমায়ূন পৃথিবীতে এসেছিলেন অসম্ভব ক্ষমতা নিয়ে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ছিল আনন্দের।” একজন মানুষের যে এতো গুণ থাকতে পারে এটা হুমায়ূনের বন্ধু না হলে জানতে পারতেন না জাদুশিল্পী জুয়েল আইচ। “আমরা শুধু তার কয়েকটি গুণের কথাই জানি। তিনি যে খুব চমৎকার ছবি আঁকতেন এবং ম্যাজিক দেখাতে পারতেন এটা আমরা অনেকেই জানি না। অন্যকে আনন্দ দেওয়ার হাজারটা পথ তিনি আবিস্কার করেছেন।” হুমায়ূন আহমেদ এক সঙ্গে একাধিক প্রজন্মকে প্রভাবিত করতে পেরেছিলেন বলে মনে করেন সাহিত্য প্রকাশের কর্ণধার এবং মক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। “তারুণ্যের মানসকে তিনি ইতিবাচকভাবে প্রভাবিত করতে পেরেছিলেন। তার লেখায় কোন নেতিবাচক উদাহরণ নেই। সাহিত্য বিচারে এ নিয়ে তর্ক হলেও হতে পারে। তবে আমি বলতে পারি তাকে পাওয়া জাতি হিসেবে আমাদের জন্য সৌভাগ্যের।” ঊনিশশ আশি ও নব্বইয়ের দশকে টেলিভিশনে প্রচারিত হুমায়ূন আহমেদের নাটকগুলো এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তার সৃষ্টি করা চরিত্রগুলোর বিপদে সাধারণ মানুষকে রাস্তায় নেমে মিছিল করতেও দেখা গেছে। তার ‘এইসব দিনরাত্রী’ নাটকের কথা স্মরণ করে অভিনেত্রী ডলি জহুর বলেন, “হুমায়ূন আহমেদের ওই একটি নাটকে অভিনয় করে যে পরিচিতি আমি পেয়েছি, তার তুলনা হয় না। এখানো অনেকে আমাকে ‘নিলু ভাবী’ বলে চেনে।” হুমায়ূনের অসুস্থ হওয়ার আগের দিনগুলোর কথা মনে করে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “ওই সময় তার সঙ্গে আড্ডা একটা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছিল। তার মৃত্যু আমাদের জীবদ্দশায় সবচেয়ে শোকের, সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি।” আবেগরুদ্ধ কণ্ঠে বাচ্চু জানান, হুমায়ূনের চেয়ে বছর দুয়েকের ছোট হলেও বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখকের ঘনিষ্ট ছিলেন তিনি। হুমায়ূনের লেখা থেকে প্রথম টিভি নাটকের প্রযোজনাও তিনিই করেছিলেন। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় সেই নাটক ‘নির্বাসন’। এর নাট্যরূপ দিয়েছিলেন অভিনেতা আফজাল হোসেন। ওই নাটকে শিমুল ইউসুফ, হুমায়ুন ফরিদী, জাহানারা আহমেদ, লাকী ইনাম ও আমীরুল ইসলাম চৌধুরী অভিনয় করেছিলেন। “তার প্রয়াণে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। তার সৃষ্টিশীলতার যে ভাণ্ডার ছিল, তাতে আরো ১৫/২০ বছর বাঁচলে আমাদেরকে তিনি আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন”, বলেন বাচ্চু। এই কথাশিল্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/জেকে/১১২৫ ঘ.