ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “হুমায়ূন আহমেদের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
“বাংলাদেশ ও বাংলা সাহিত্য হুমায়ূন আহমেদের অভাব বোধ করবে।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ুন আহমেদের।
জনপ্রিয় এ লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
অর্থমন্ত্রী মুহিত তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূন আহমেদের বিদায়ে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
হুমায়ূনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
বরেণ্য এ কথা সাহিত্যিকের মৃত্যুতে শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “তার মৃত্যুতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। বাংলা সাহিত্যির অগ্রগতিতে তিনি যে ভূমিকা রেখেছেন তা চিরদিন স্মরণ করবে জাতি।”
ক্যান্সার চিকিৎসার জন্য গত বছর ১৪ সেপ্টেম্বর প্রথমবার নিউ ইয়র্ক যান তিনি। সেখানে ১২ দফা কেমো থেরাপি নেওয়ার পর গত ১১ মে ২০ দিনের জন্য দেশে ফিরে আবার চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যান জনপ্রিয় এই লেখক।
গত ১২ জুন নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে তার দেহে প্রথম অস্ত্রোপচার হয়। এরপর অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে ২১ জুন ওই হাসপাতালেই তার দেহে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। নন্দিত নরকে তার প্রথম প্রকাশিত উপন্যাস।
তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/এসএসজেড/এএইচ/০১১০ ঘ.
bdnews24