২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের প্রতি গবেষণার তাগাদা মন্ত্রীর

সন্ধ্যায় রোগী দেখার পরিবর্তে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সুযোগ খতিয়ে দেখতে তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ধ্যায় রোগী দেখার পরিবর্তে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সুযোগ খতিয়ে দেখতে তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী বলেন, “বড় চিন্তা করুন। আপনাদের সুযোগ অপরিসীম। কিন্তু আপনারা তা জানেন না।” টাকা উপার্জনের জন্য চিকিৎসকরা বেশিরভাগ সময় রোগী দেখায় ব্যস্ত থাকেন বলে বাংলাদেশ গবেষণায় পিছিয়ে আছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “গবেষণার জন্য কী পরিমাণ অর্থ পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, একবার আপনারা এটা জানলে আপনারা টাকার জন্য রোগী দেখা বন্ধ করবেন।” এদিন দেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যাসোসিয়েশন সেখানে গত বছর নিয়োগ পাওয়া ৭০ জন শিক্ষককে বরণ এবং অবসর নেওয়া পাঁচ শিক্ষককে বিদায় জানান। এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষকদের জন্য গবেষণা শুরুর ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী রুহুল হক। দেশের বাইরে থেকে তহবিল পেতে প্রকল্পের ধারণাপত্র লেখা শেখার আহ্বান জানিয়ে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “সরকার টাকা দিতে পারে। কিন্তু সেটা সীমিত। বাইরে অফুরন্ত টাকা।” “একবার আপনারা গবেষণার জগতে ঢুকতে পারলে বেরোনোর পথ পাবেন না।” উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। “গবেষণার জন্য আমরা ৪৯ কোটি টাকার তহবিল পেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২০৪৪ ঘ.