২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু: বিএনপি

ক্ষমতায় গেলে বিশ্বব্যাংক ও দাতাদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করবে প্রধান বিরোধী দল বিএনপি। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ সম্ভব নয় বলেও মনে করে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে বিশ্বব্যাংক ও দাতাদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করবে প্রধান বিরোধী দল বিএনপি। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ সম্ভব নয় বলেও মনে করে দলটি। বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, বিশ্বব্যাংকের আনা ‘দুর্নীতির’ অভিযোগ থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরাতে সরকার এখন পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থায়নের কথা বলছে। মোশাররফ প্রশ্ন রাখেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের আর্থিক ও কারিগরি সমার্থ্য থাকলে কেন দাতাদের সহযোগিতা সরকার চেয়েছিল? এই সেতু র্নির্মাণ নিজস্ব অর্থায়নে সম্ভব নয় দাবি করে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিশ্বব্যাংক শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে ও ৪০ বছরে পরিশোধের শর্তে পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি করেছিলো। “আমাদের মতো দেশে বড় প্রকল্পের ক্ষেত্রে এরকম সহজ শর্তে ঋণ প্রয়োজন। কিন্তু কতিপয় ব্যক্তির দুর্নীতির কারণে ওই ঋণচুক্তি বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের ঘোষণা অবাস্তব পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়।’’ দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্বব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সংসদে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। পদ্মা সেতু প্রকল্পে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল। বিকল্প কোনো উৎস থেকে ঋণ নিলে সুদের হার অনেক বেশি হবে বলে অর্থনীতিবিদরা বলে আসছেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। একই ইস্যুতে দলটি আগামী ২২ জুলাই সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে। সাবেক এই মন্ত্রী সরকারের উদ্দেশে বলেন, “দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বৈদেশিক মুদ্রা কোত্থেকে আসবে, আমরা তা জানতে চাই। সরকারকে বলব, এভাবে জনগণকে আর ধোঁকা দেবেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংককে ঋণচুক্তি পুনর্মূল্যায়ন করতে বলুন।’’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থার জন্য সরকারের ‘একগুয়েমিকে’ দায়ী করেন মোশাররফ। তিনি বলেন, তাদের (সরকার) দলীয়করণের কারণে দেশের সবচেয়ে গর্বের বিশ্ববিদ্যালয় বুয়েট আজ বন্ধ হয়ে আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অস্থিরতা বিরাজ করছে। মহানগর সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যন্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মুশফিকুর রহমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৫ ঘ.