রাঙামাটি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, এ বছরের মধ্যে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে।
বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি একথা বলেন।
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ জামায়াতে ইসলামী সাতজন নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল আলীমের বিচার বর্তমানে চলছে।
যুদ্ধাপরাধীদের বিচার কাজে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারাও তাদের এক মাসের ভাতা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
রাঙামাটি পৌর মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মুজিবুল হক, সেনাবাহিনীর আঞ্চলিক অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
প্রতিমন্ত্রী বলেন, এখন শুধু অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে, আগামী বছর থেকে সব মুক্তিযোদ্ধাদেরই সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে প্রতিমন্ত্রী শহরের তবলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিস্থাপন উদ্বোধন করেন।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য এলাকার মুক্তিযোদ্ধাদের আবাসন সংকট নিরসনে ভূমি বন্দোবস্তে নিষেধাজ্ঞার বিষয়টি শিথিল করার প্রতিশ্রুতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৫ ঘ.
bdnews24