২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলে জয় দাবি সরকারবিরোধীদের

সাধারণ ৭ আসনের চারটিতে জয় দাবি করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গ্রুপ আসনের সাতটির মধ্যে পাঁচটিতেই এগিয়ে রয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। বৃহস্পতিবার সকালের পর বিভিন্ন কেন্দ্রের ফল আসতে শুরু করলে উল্লাস শুরু হয় জাতীয়তাবাদী প্যানেলে। প্রার্থীরা মিষ্টি বিতরণ করতেও শুরু করেন। বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের চেম্বার থেকে দেওয়া ফলাফল সম্পর্কিত একটি প্রতিবেদন বিতরণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও দুর্গাপুর, চট্টগ্রামের সন্দ্বীপ ও সাতকানিয়া কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি। এই কেন্দ্রগুলো বাদে অন্য সব কেন্দ্রের ফলাফলে অধিকাংশ পদে জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সাধারণ ৭ আসনের চারটিতে জয় দাবি করেছেন জাতীয়তাবাদী প্যানেল। ওই প্রতিবেদন অনুসারে, বাকি তিনটি পদ পেয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। ওই প্রতিবেদন অনুসারে ভোটপ্রাপ্তির দিক থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন তৃতীয় স্থান (১২ হাজার ৪৭৭ ভোট), মো. সানাউল্লাহ মিয়া সপ্তম (১১ হাজার ৮২৫ ভোট), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী চতুর্থ (১২ হাজার ৩২৬ ভোট), বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন দ্বিতীয় স্থান (১২ হাজার ৭৪৯ ভোট) পেয়ে শীর্ষ সাতে রয়েছেন। ওই প্রতিবেদন অনুসারে সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু (১৩ হাজার ১৫০ ভোট)। এই প্যানেল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান পঞ্চম (১২ হাজার ২৩৩ ভোট) এবং ব্যারিস্টার তানিয়া আমীর ষষ্ঠ স্থান (১২ হাজার ২১১ ভোট) নিয়ে শীর্ষ সাতে রয়েছেন। গ্রুপ আসনের সাতটির মধ্যে পাঁচটিতেই জয় দাবি করেছে জাতীয়তাবাদী প্যানেলের। এদিকে বিকালে মতিন খসরুর চেম্বার থেকে নির্বাচনী ফলাফল নিয়ে অন্য একটি প্রতিবেদন সাংবাদিকদের দেওয়া হয়। এতে গ্রুপ আসনে সমন্বয় পরিষদের এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি) এবং এম এম মুজিবুর রহমান (গ্রুপ-ই) এগিয়ে থাকার কথা বলা হয়। এছাড়া সরকারবিরোধী জোটের প্রার্থীদের মধ্যে গোলাম মোস্তফা খান (গ্রুপ-এ), মো. কবির চৌধুরী (গ্রুপ-সি), মো. কাইমুল হক (গ্রুপ -ডি), মো. ইসহাক (গ্রুপ-এফ), এ কে এম হাফিজুর রহমান এমপি (গ্রুপ-জি) এগিয়ে রয়েছেন বলেও জানানো হয়। মতিন খসরুর চেম্বারের প্রতিবেদনে সাধারণ আসন বিষয়ে খোকনের চেম্বারের প্রতিবেদনের সঙ্গে ভোটের অঙ্কে গড়মিল থাকলেও এগিয়ে থাকার বিষয়ে একই তথ্য রয়েছে। বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক ফল পেতে শনি বা রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নির্বাচনে সারা দেশের সব কেন্দ্রে ভোট গণনা হয়। এরপর সেগুলো ঢাকায় এনে কেন্দ্রীয়ভাবে পুনরায় গণনার পর ফল ঘোষণা করা হয়। বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২ অনুসারে ১৫ সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হয়। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া সারা দেশের আইনজীবীদের ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাতজন সাধারণ সদস্য এবং দেশের সাতটি অঞ্চল থেকে সাতজন গ্রুপ আসনের সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা তাদের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেন। বাংলাদেশের আদালতে আইন পেশায় নিযুক্তির অনুমতি দেয় বার কাউন্সিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষ বিদেশি আইনজীবী আনতে আবেদন করলে ট্রাইব্যুনাল বিষয়টি বার কাউন্সিলের ওপর ছেড়ে দিয়েছিল। পরে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের আইনজীবীরা তাদের বিদেশী সহযোগী চেয়ে বার কাউন্সিলে আবেদনও করেছিল। তবে সেই খারিজ করে দেয় কাউন্সিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমদ/এসএন/এমআই/১৮৩৭ ঘ.