২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক পুরস্কার পেলেন মুশাররফ হোসেন

দেশের অর্থনীতি নিয়ে গবেষণা এবং এতে মৌলিক অবদানের স্বীকৃতি হিসেবে এবারের বাংলাদেশ ব্যাংক পুরস্কার পেলেন প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মুশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি নিয়ে গবেষণা এবং এতে মৌলিক অবদানের স্বীকৃতি হিসেবে এবারের বাংলাদেশ ব্যাংক পুরস্কার পেলেন প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মুশাররফ হোসেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক মুশাররফ হোসেনকে বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০১১ দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক, নগদ দুই লাখ টাকা এবং বাংলাদেশ ব্যাংকের একটি ক্রেস্ট মুশাররফের হাতে তুলে দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক জিল্লুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুশাররফ হোসেন দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে উন্নয়ন অর্থনীতির তাত্ত্বিক গবেষণা এবং প্রায়োগিক চর্চায় দীর্ঘ ছয় দশক ধরে অবদান রেখে আসছেন বলে বাংলাদেশ ব্যাংক জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেন এই অর্থনীতিবিদ। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করলেও দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থায় গবেষণামূলক কাজে জড়িত ছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংক জানায়, মুশাররফ হোসেন বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, সহায়তার শর্ত সহজীকরণ, রপ্তানির কাঠামোগত পরিবর্তন, রেমিট্যান্সের আন্তঃপ্রবাহ বৃদ্ধি ও তার প্রভাব, বিশ্বায়ন ও তার প্রভাব, বাংলার অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস, সুশীল সমাজ ও সুশাসন প্রভৃতি নিয়ে কাজ করছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশের প্রথিতযশা পাঁচজন অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি মুশাররফ্ হোসেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। এর আগে ২০০০ সালে অধ্যাপক রেহমান সোবহান এবং ২০০৯ সালে অধ্যাপক নূরুল ইসলাম বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২১১৮ ঘ.