ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। হামলাকারীরা ছাত্রলীগকর্মী বলে হলের ছাত্ররা জানালেও তা অস্বীকার করেছেন সরকার সমর্থক সংগঠনটির নেতারা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ক্যান্টিনে দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার সানাউল্লাহ সানিকে পেটানো হয়।
এ ঘটনায় বিকালেই প্রাধ্যক্ষ আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জরুরি এক সভায় নাজমুল হুসাইন নয়ন নামে এক ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
ঘটনা তদন্তে সহকারী আবাসিক শিক্ষক মো. আবদুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক এস এম আরিফ মাহমুদ ও মোহাম্মদ হুমায়ুন কবির।
কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী হুমাযুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানি দুপুরে হলের এক্সটেশন ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। একই টেবিলে খাবার খাচ্ছিলেন ছাত্রলীগকর্মী সাইফুজ্জামান শ্যামল ও নয়ন।
“শ্যামল ও নয়ন কোনো কারণ ছাড়াই সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করলে তার প্রতিবাদ করে সানি। এতে তারা ক্ষিপ্ত হয়ে সানিকে বেধড়ক মারতে শুরু করে,” বলেন তিনি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা মারধর করেছে, তারা ছাত্রলীগ করে বলে শুনেছি।
“তবে যেই হোক না কেন, অন্যকে মারধরের অধিকার কারো নেই। মারধরকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হলের শিক্ষার্থীরা শ্যামল ও নয়নকে ছাত্রলীগকর্মী বলে চিহ্নিত করলেও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর শরীফ তা অস্বীকার করে বলেন, তারা ছাত্রলীগের কেউ না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৪ ঘ.
bdnews24