২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে পানি, সুনেত্র প্রকল্পের কূপ খনন বন্ধ

সুনেত্র তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের প্রথম কূপ খননের স্থানে পানি ঢোকায় আপাতত কাজ বন্ধ রাখা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নেত্রকোনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনেত্র তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের প্রথম কূপ খননের স্থানে পানি ঢোকায় আপাতত কাজ বন্ধ রাখা রয়েছে। মঙ্গলবার সকালে প্রকল্পের খনন কাজের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আব্দুস সালাম বিশ্বাস সাংবাদিকদের বলেন, “মাঠে প্রায় ৬ ইঞ্চি পরিমাণ পানি ঢুকে পড়েছে। কূপ খননের জন্য আনা প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঠের সাহায্যে মাঠে উঁচুতে রাখা হয়েছে। পানি নামলেই খনন কাজ পুনরায় শুরু হবে।” সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাভী গ্রামে মাঠ পরিদর্শন শেষে আব্দুস সালাম আরো বলেন, বাপেক্সের চার জন প্রকৌশলীসহ ৪০ জন কর্মী আগামী সপ্তাহ থেকে অত্যাধুনিক টাচ স্কিনের ড্রিলার কনসোলের মাধ্যমে কূপটি খননের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। নেত্রকোনা ও সুনামগঞ্জের সীমান্তবর্তী হাওরাঞ্চলের গাভী গ্রামে পেট্রোবাংলার সংস্থা বাপেক্স এই তেল-গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে। দুই জেলার নামের আদ্যাক্ষর দিয়ে এর নাম রাখা হয় ‘সুনেত্র’। বৃহৎ এ ক্ষেত্রটিতে প্রায় দুই দশমিক চার ট্রিলিয়ন গ্যাস মজুতের সম্ভাবনার কথা জানান বাপেক্সের প্রকৌশলীরা। সুনেত্র তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম জানান, তেল-গ্যাস অনুসন্ধানের শেষ ধাপ হচ্ছে কূপ খনন। একটি কূপ খননের মধ্যদিয়ে কাজ শুরু হলেও পরবর্তীতে আরো চারটি কূপ খনন করা হবে। প্রতিটি কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৮ ঘ.