২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতব্যাগে বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার দুজন রিমান্ডে

মোড়কে ভরে সহকর্মীর দেওয়া বোমার বিস্ফোরণে রাজধানীর আগারগাঁওয়ে এক নারী আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোড়কে ভরে সহকর্মীর দেওয়া বোমার বিস্ফোরণে রাজধানীর আগারগাঁওয়ে এক নারী আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান ওই ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগামার জুবায়ের আহমেদ (৩০) ও বোমা সরবরাহকারী নুরুল ইসলামকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমার বিস্ফোরণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার আয়েশা সিদ্দিকা আহত হন। এ ঘটনায় সেদিনই আগারগাঁও থানায় একটি মামলা করেন আহতের ভাই তরিকুল ইসলাম। সহকর্মী জুবায়ের ফোন সেটের কথা বলে মোড়কে ভরে আয়েশাকে ওই বোমা দেয় বলে আয়েশার অভিযোগের ভিত্তিতে ওই দিনই জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে বোমা সরবরাহের অভিযোগে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান জানান, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক প্রলয় কুমার সাহা আসামিদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের হেফাজত মঞ্জুর করে। এ সময় আসামীদের জামিনের আবেদন নাকচ করা হয় বলে জানান তিনি। হেফাজতের আবেদনে বলা হয়, জুবায়ের ও নুরুল ইসলাম কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না এবং মিথ্য কথা বলে সহকর্মী আয়েশাকে জুবায়েরের বোমা দেওয়ার কারণ বের করতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এইচএ/১৯৫৫ ঘ.