২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের জন্য চাই সমন্বিত প্রচেষ্টা: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে সব খাতের গুরুত্বের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নে সব খাতের গুরুত্বের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “দেশ গড়ে তুলতে সব খাতের গুরুত্ব আছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সকল খাতের উন্নয়ন করতে হবে।” বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা একথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজেদের উত্তরণ ঘটানোর জন্য সরকারি কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় দেশে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরার পাশাপাশি বিশ্ব ব্যাংকের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “যে অন্যায় করা হয়নি, তা মেনে নেওয়ার প্রশ্নই আসে না।” বিসিএস সমন্বয় কমিটির নেতারা দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তারা বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহবানে জাতি নতুনভাবে উজ্জ্বীবিত হয়েছে। বিসিএস সমন্বয় কমিটির নেতারা প্রশাসনিক ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির জনক যে উদ্যোগগুলো নিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন হলে কোনো সমস্যাই এখন থাকত না। ১৯৯৬ সালে ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার তা ন্ধ করে দেয় বলে জানান তিনি। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফিরোজ খানের নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের প্রতিনিধি দলটি দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮১৬ ঘ.