২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণের’ অভিযোগে গ্রেপ্তার সেই শিশুর জামিন

কথিত ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রের হেফাজতে থাকা নোয়াখালীর বেগমগঞ্জের এক শিশুকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রের হেফাজতে থাকা নোয়াখালীর বেগমগঞ্জের এক শিশুকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন এবং মো. হাবিুবুল গণি এই আদেশ দেন। সেইসঙ্গে জাহিদ হাসান আরমান নামের এই শিশুকে অবিলম্বে তার বাবা-মায়ের হেফাজতে পৌঁছে দিতে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এসএম আনোয়ারুল করিমকে নির্দেশ দেওয়া হয়। তবে ‘ধর্ষণের’ অভিযোগে করা মামলার তদন্ত যথারীতি চলবে বলেও আদেশ দেয় আদালত। গত ৪ জুলাই দৈনিক যুগান্তরে ‘হাতে হ্যান্ডকাফ কোমরে রশি : ১০ বছরের শিশু ধর্ষণের আসামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ৯ জুলাই হাইকোর্টে একটি রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি করে ওই দিন আদালত রুল জারির পাশপাশি শিশুটিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন, মো. ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা শুনানি করেন। আদালতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম, উপ-পরিদর্শক এনাম হক চৌধুরী বক্তব্য দেন। দৈনিক যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে (প্রথম শ্রেণীর ছাত্রী) ‘ধর্ষণের’ অভিযোগে গত ১৭ জুন ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি বেগমগঞ্জ থানায় আরমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। আরমান নোয়াখালী বেগমগঞ্জ মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। মামলা দায়েরের দিনই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ১৮ জুন শিশুটিকে মাইজদী জেলহাজতে পাঠানো হয়। পরে ২৭ জুন মাইজদী সুধারাম থানা পুলিশ আসামি আরমানকে জেলখানা থেকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের হেফাজতে পাঠিয়ে দেয়। গত ২ জুলাই আদালতে হাজির করার জন্য শিশুটিকে মাইজদী নেওয়া হয়। জামিন নামঞ্জুর হলে পরদিন আবার তাকে ট্রেনে করে গাজীপুর নিয়ে আসা হয়। এ সময় তার হাতে হ্যান্ডকাফ ও কোমরে রশি বাঁধা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮০২ ঘ.