২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে আবারও চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বৃষ্টিতে আবারও চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বর্ষণের ফলে মুরাদপুর, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদ এক্সেস রোড, বহদ্দারহাট, ষোলশহর দুই নম্বর গেইট, মোগলটুলীসহ নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে যায়। সকালে অফিসগামী লোকজন ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা চরম দুর্ভোগে পড়ে। সকাল থেকেই অতি বৃষ্টির কারণে যানবাহন চলাচল কমে যায়। এ সময় অটোরিকশা ও রিকশাচালকদের অতিরিক্ত ভাড়া নিতে দেখা গেছে। তবে বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ কমে এলে জমে থাকা পানি সরতে শুরু করে। পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবমতে, বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস কর্মকর্তা শোয়েব আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী কয়েকদিনে চট্টগ্রামসহ এর আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের নৌ-বন্দরগুলোকে এক নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত শনিবারও টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। ওইদিন বন্দরনগরীতে ৯১ দশমিক ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এছাড়া গত ২৬ জুন ব্যাপক বর্ষণের পর নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গিয়েছিল। ওইদিন চট্টগ্রামসহ চারটি জেলার ছয়টি স্থানে পাহাড় ধসে মারা গিয়েছিল ২৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৬০০ ঘ.