সিলেট, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসির পর এবার এইচএসসিতেও দেশ সেরা সাফল্য দেখিয়েছে সিলেট শিক্ষাবোর্ড। এ বোর্ডে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন।
তিনি বলেন, “সকলের প্রচেষ্টায় এসএসসির পর এ বছর এইচএসিতেও দেশ সেরা ফলাফল করা সম্ভব হয়েছে।”
এ বোর্ডে ৮৫ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা এবার এইচএসসিতে সর্বোচ্চ। গত বছর সিলেটে পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৮ শতাংশ।
এবার সিলেট শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ৩৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩১ হাজার ৯০৩ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫ জন, যা গত বছর ছিল ৮৮৭ জন।
মনির উদ্দিন বলেন, শিক্ষার মান বাড়াতে বোর্ড কলেজগুলোর শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবার এ বোর্ডে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সবচেয়ে বেশি, ২৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ২৪২ জন করে জিপিএ-৫ পেয়েছে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট এমসি কলেজে।
এ বোর্ডে তিনটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি এমন কোনো কলেজ এবার সিলেট বোর্ডে নেই।
ফলাফলে এগিয়ে ছেলেরা
সিলেট বোর্ডের এবারের ফলাফলে দেখা যায়, ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং মেয়েদের ৮৪ দশমিক ৯১ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩৭ জন ছাত্র, আর ছাত্রী ১ হাজার ২৮ জন।
সবাইকে ছাড়িয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ
এ বোর্ডে পাসের হারে এগিয়ে আছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া বিজ্ঞানে ৮৮ দশমিক ৮০ শতাংশ ও মানবিকে ৮৩ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
তবে সবচেয়ে বেশি, ১ হাজার ২২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪২৯ জন এবং মানবিক বিভাগের ৪১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সেরা কলেজ
পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এবার সিলেট শিক্ষা বোর্ডের সেরা ফল করেছে সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা।
এ বোর্ডে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় আরো আছে জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, সিলেট এমসি কলেজ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, সিলেটের স্কলার্সহোম, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেটের এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তৈয়বুন্নেসা খানম একাডেমি কলেজ, জালালাবাদ কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, মদনমোহন কলেজ, মৌলভীবাজারের সুজা মেমোরিয়াল কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, স্কলার্সহোম গার্লস কলেজ, শচিন চন্দ্র কলেজ ও সুনামগঞ্জের দিরাই কলেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৫৩০ ঘ.
bdnews24