ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান পিলখানা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেছেন আসামির আইনজীবীরা।
বুধবার সকালে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে হাজির হয়ে জিয়াউর রহমান নিজের বক্তব্য উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন।
এডভোকেট আমিনুল ইসলামের এক প্রশ্নের জবাবে বিমানবাহিনীর সাবেক প্রধান বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ছড়ানো লিফলেটে কী লেখা ছিল তা তিনি জানেন না।
পরে তিনি সাংবাদিকদের জানান, আর্মড ফোর্সেস ডিভিশনের দায়িত ¡ছিল লিফলেট প্রচারের। তবে লিফলেটে বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য বলার কথা।
এডভোকেট শামীম সরদারের এক প্রশ্নের জবাবে জিয়াউর রহমান জানান, তার বাহিনীতে নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকলেও বিদ্রোহের আগাম খবর তিনি জানতে পারেননি।
সিলেট থেকে প্যারাকমান্ডো ঢাকায় নিয়ে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবাহিনীর সাবেক প্রধান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যই প্যারাকমান্ডো আনা হয়।
জিয়াউর রহমান তার সাক্ষ্যে বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী তাকে ফোন করে বিডিআর বিদ্রোহের ঘটনা জানিয়ে হেলিকপ্টার প্রস্তুত আছে কিনা জানতে চান। হেলিকপ্টার প্রস্তুত আছে জানানোর পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিলখানায় বিডিআর সদর দপ্তরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাকে প্রতিবেদন জমা দিতে বলেন।
এরপরই পাইলটদের দেওয়া তথ্য অনুযায়ী জানানো হয়, পিলখানার গাছের ফাঁকে ফাঁকে বিডিআর সদস্য অবস্থান নিয়েছে। এছাড়া লিফলেট ছড়ানোর সময় বিডিআর সদস্যদের গুলিতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় বলে সাক্ষ্যে জানান জিয়াউর রহমান।
এ প্রসঙ্গে জেরার সময় জিয়াউর রহমান বলেন, পিলখানা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হেলিকপ্টারে গুলির কোনো প্রতিবেদন দেওয়া হয়নি।
সাক্ষ্যে বিমান বাহিনীর সাবেক প্রধান আরো জানান, ২৫ ফেব্রুয়ারি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।
“এ সময় আমি তাকে (প্রধানমন্ত্রী) আশ্বস্ত করি যে, ২০/২৫ মিনিটের মধ্যে বিমানবাহিনী কাজ করতে প্রস্তুত আছে। ওই সময় মতিয়া চৌধুরী, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানকসহ আরো কয়েকজন নেতা বিদ্রোহীদের আত্মসর্মপণ করাতে চাপ প্রয়োগ করতে প্রধানমন্ত্রীকে বলেন।”
এরই মধ্যে বিদ্রোহীদের আত্মসমর্পণে বাধ্য করতে নানক এবং মীর্জা আজমকে পিলখানায় পাঠানো হয় বলে জানান জিয়াউর রহমান।
সাক্ষ্যে তিনি আরো বলেন, এর কিছুক্ষণ পর নানক এবং মীর্জা আজমসহ বিডিআরের তৎকালীন ডিএডি তৌহিদসহ ১২/১৪ জন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যমুনায় আসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে বিদ্রোহীরা পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার বিষয়টি গোপন করে।
পরে আসামি পক্ষের অপর আইনজীবী এডভোকেট ফারুক আহমেদও জেরা করেন বিমান বাহিনীর সাবেক প্রধানকে।
জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বলে আসামীপক্ষের আইনজীবীরা যে বক্তব্য দেন তা সঠিক নয়।
এ ছাড়া আসামী ডিএডি হাবিবের পক্ষে সরকার পক্ষের আইনজীবী এসএম নুর ইসলামও জিয়াউর রহমানকে জেরা করেন। এসময় হাবিব চিৎকার করে এর বিরোধীতা করলেও তা আমলে নেয়নি আদালত।
গত ১৬ জুলাই নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদকে জেরা করতে এসএম নুর ইসলামকে বাধাঁ দেওয়ায় সেদিন জেরা হয়নি।
বিদ্রোহীদের গুলিতে নিহত কর্ণেল জাকির হোসেনের মেয়ে ডাক্তার সাদিয়া হোসেন সাক্ষী হিসাবে একই আদালতে তার পিতার লাশ সনাক্ত সংক্রান্ত জবানবন্দি দেন।
তাদের সাক্ষ্য ও জেরা শেষে আদালত এ মামলার কার্যক্রম ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করেন।
এ আদালতের বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান গত ৪ জুলাই এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানকে তলব করেন।
সে অনুযায়ী গত সোমবার জহিরউদ্দিন আহমেদের সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এইচএ/১৯২০ঘ.
bdnews24