২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর এপিএস-এর সিল ও স্বাক্ষর জাল করায় গ্রেপ্তার ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব (পিএস) নজরুল ইসলামের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

মৌলভীবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব (পিএস) নজরুল ইসলামের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে সন্দেহভাজনদের আটক করে রাতে থানায় সোপর্দ করা হয়। এ প্রতারণার অভিযোগে শ্রীমঙ্গল থানায় করা মামলায় গ্রেপ্তার হয়েছেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মিজানুর রহমান (২৭) ও তার গাড়ি চালক লক্ষ্মীপুর গ্রামের শাহজালাল (৩০)। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিজান নিজেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএ (অনার্স) রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র পরিচয় দিয়ে মঙ্গলবার বিকালে প্যারালাইসিস রোগী হিসেবে আর্থিক সাহায্যের জন্য বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষকের কাছে একটি আবেদনপত্র নিয়ে আসেন। ১৮ পাতার এ আবেদনপত্রে তাকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর সাবেক এপিএস নজরুল ইসলাম ও রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাশারের সুপারিশ করেন। এতে তাদের সিলসহ স্বাক্ষরের তারিখ উল্লেখ রয়েছে। এছাড়াও মিজানকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মানবিক সাহায্যের আবেদন সংক্রান্ত খবর ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রত্যয়ন পত্র সংযুক্ত করা রয়েছে। এ সব কাগজপত্র ভুয়া উল্লেখ করে ওসি বলেন, “জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়ে আর্থিক সুবিধা আদায় করতে চেয়েছিল ওই দুই যুবক।” শ্রীমঙ্গল উপজেলা বন কর্মকর্তা হাসানুর রহমান জানান, সুপারিশ নিয়ে তার সন্দেহ হলে তিনি রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারেন এ রকম কোনো আবেদনপত্রে তিনি স্বাক্ষর করেননি। এর আগে সকাল ৮ টার দিকে তার মোবাইল ফোনে এপিএস নজরুল পরিচয়ে এ বিষয়ে সুপারিশ করে এক ব্যক্তি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১২২২ঘ.