কামরুল আম্বিয়া
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম শ্রেণীর এক ছাত্রী ‘অলৌকিক’ ক্ষমতার অধিকারী ভেবে মৌলভীবাজার উপজেলা সদরের সৈয়ারপুরে তার বাড়িতে ঢল নেমেছে মানুষের।
অনেকের চোখে মৌলভীবাজার সরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুমন ধরের মেয়ে তুলসী ধর এখন রীতিমতো ‘দেবী’। রোগমুক্তিসহ নানা সমস্যা সমাধানের আশায় দূর-দূরান্ত থেকে গত এক সপ্তাহ ধরে লোকজন তুলসীর কাছে ছুটে আসছে।
তুলসীর বাবা সুমন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবসময় নয়, দিন বা রাতের বিশেষ প্রহরে দেবী এসে ভর করেন তুলসীর ওপর।”
“এই কারণে গত ১০ দিন ধরে তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে,” বলেন তিনি।
তুলসীর হাতের ছোঁয়ায় মুহূর্তেই অনেকে আরোগ্য লাভ করেন বলে দাবি করা হলেও সোমবার দুপুরে সেখানে দেড় ঘণ্টা অবস্থানকালে আশীর্বাদ প্রার্থীদের ‘ফু’ নিতে দেখলেও তাৎক্ষণিকভাবে কাউকে সুস্থ হতে দেখা যায়নি।
জেলা চিকিৎসা কর্মকর্তা গোলাম রাজ্জাক চৌধুরী বলেছেন, এটা প্রতারণার কৌশল এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানায়, তুলসীর ‘দেবীত্ব লাভের’ ঘটনার শুরু গত ৭ জুলাই।
“মাঝ রাতে ঘুমের মধ্যে তুলসী চিৎকার করে কেঁদে ওঠে। এমনভাবে দু’বার কেঁদেছে সে। এ সময় তার মাকে সে জানায়, ‘মূর্তিরূপী দু’জন তাকে টেনে নিতে চাচ্ছে,” বলেন তার বাবা সুমন।
পরদিন থেকেই বার বার মূর্চ্ছা যেতে থাকে তুলসী। মূর্চ্ছা ভাঙার পর বিড় বিড় করে কী যেন বলে সে। এতে উদ্বিগ্ন হয়ে বাড়িতে পুরোহিত ডাকা হয়।
পুরোহিত এসে বলেন, “তুলসীর ওপর শশ্মান কালী ভর করেছেন।”
এরপর একজন দু’জন করে প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে এ কথা। লোকজনের সমস্যা বর্ণনা করে সমাধানের পথ বলে দিচ্ছে তুলসী- এ খবর রটে গেলে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামতে শুরু করে ওদের বাড়িতে।
তুলসীদের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠান জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। রোগীসহ নানান সমস্যা নিয়ে ‘অলৌকিক দেবীর’ দর্শনে এসেছে অসংখ্য নারী-পুরুষ। তাদের মধ্যে পাশের জেলা হবিগঞ্জ ও সিলেটের বাসিন্দাদেরও দেখা গেল। অবিরাম চলছে ঢোল-করতালসহ উলুধ্বনি।
অন্ধ বিশ্বাসীদের অনেকের হাতে ফল কিংবা মিষ্টি। কিন্তু এ ‘দেবী’ ভোগ নেন না। টাকা পয়সাও ফিরিয়ে দেন। সমস্যার সমাধান হলে শশ্মান কালী মন্দিরে বাতি দেওয়ার নির্দেশ আছে তার।
মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার স্বাগত কিমোর দাস চৌধুরী বলেন, “অনেকে সুস্থ হয়েছে।”
তবে দেড় ঘণ্টাকাল অবস্থান করে কাউকে তাৎক্ষণিক সুস্থ হতে দেখা যায়নি। এই সময়ে রোগাক্রান্ত অনেককেই ‘ফু’ দিয়েছেন তুলসী।
অবশ্য কমলগঞ্জ উপজেলা সদরের রসিক দেবসহ আরো কয়েকজন দাবি করেন, গত শনিবার তার ছয় বছর বয়সী হাত-পা ‘অবশ’ শিশুর শরীরে তুলসী হাত বোলানোয় এখন সে সচল।
শুধু অসুখ বিসুখই নয় সামাজিক সমস্যারও সমাধান দিচ্ছে তুলসী।
এ ভিড়ের মধ্যে দেখা মিলল সৈয়ারপুরের বাসিন্দা মাধব তালুকদারের। তিনি জানালেন, ৪/৫ বছর আগে তুলসীদের বাড়িতে শিবু নামের এক ব্যক্তি একই আচরণ করেন।
এই প্রসঙ্গে মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসাবিদ্যা না শিখে কেউ কোনো ধরনের চিকিৎসা করতে পারে না। এটা সম্পূর্ণ প্রতারণা।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াহিয়াকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২২৫ ঘ.
bdnews24