রাজবাড়ী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচোর চক্রের ছয় সদস্যকে রাজবাড়ীর পাংসা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে, যা এক মাস আগে ঢাকার বনানী থেকে ছিনতাই হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের এসআই বেলাল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাতে গাড়াল এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসসহ ছয়জনকে গ্রেপ্তার এবং বেশকিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন- পটুয়াখালীর দুমকি থানার বয়রা গ্রামের কামাল হোসেন (৩০), মাদারীপুরের শিবচর থানার সিপাইকান্দি গ্রামের মিলন (৩০), ঢাকার খিলগাঁও থানার আরিফুল ইসলাম (১৯), বরগুনার পরিখাল গ্রামের খলিলুর রহমান(২৫), একই এলাকার মো. আওয়াল (২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার খোশকান্দি গ্রামের আবুল হোসেন (৩২)।
গোয়েন্দা কর্মকর্তা বেলাল বলেন, তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা বলেছে, এই মাইক্রোবাসটি প্রায় এক মাস আগে ঢাকার বনানী এলাকা থেকে ছিনতাই করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৭ ঘ.
bdnews24