২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডেমরার নারীদের জন্য চারটি বাস

টেলিফোনে যাতায়াত সমস্যার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের একদিন পরেই ঢাকা-ডেমরা রুটে কর্মজীবী নারীদের জন্য চারটি বাস চালু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিফোনে যাতায়াত সমস্যার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের একদিন পরেই ঢাকা-ডেমরা রুটে কর্মজীবী নারীদের জন্য চারটি বাস চালু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৮টায় ডেমরার রাণীমহল সিনেমা হলের সামনে থেকে বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপো ব্যবস্থাপক মনিরুজ্জামান বাবু এ বাস সার্ভিস উদ্বোধন করেন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ডেমরার কয়েকজন কর্মজীবী নারী মোবাইলে তাদের যাতায়াত সমস্যার কথা বলেন। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী বিআরটিসির চেয়ারম্যান এম এন ইকবালকে গণভবনে ডেকে বাস সার্ভিস চালুর নির্দেশ দেন। মনিরুজ্জামান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মজীবী নারীদের জন্য চারটি বাস সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ডেমরার রাণীমহল সিনেমা হল থেকে যাত্রাবাড়ি-মতিঝিল-গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। ডেমরা থেকে যাত্রাবাড়ি ৫ টাকা এবং মতিঝিল ও গুলিস্তান পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান বিআরটিসি কর্মকর্তা। গত ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার দুটি মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা জনগণের কাছে প্রকাশ করেন। এ সময় পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুযোগ নিতে চাইলে তা সরাসরি জানানোর অনুরোধ করেন শেখ হাসিনা। এরপর স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর হলো +৮৮ ০১৭১১৫২০০০০ এবং +৮৮ ০১৮১৯২৬০৩৭১। আর ই-মেইল ঠিকানা হলো, sheikhhasina@hotmail.com| বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৫ ঘ.