২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা বাতিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুটি দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুটি দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই রায় দেয়। আদালতে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন একেএম ফয়েজ এবং হরিসাধন দেব ব্রহ্মণ। তাদেরকে সহায়তা করেন আনোয়ার হোসেন রেজা। সরকার পক্ষে ছিলেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান। হরিসাধন দেব ব্রহ্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম জেলা র্দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিচালক মো. সিরাজুল হক কোতয়ালি থানায় ২০০৩ সালে এই মামলা দুটি করেন। মামলায় অভিযোগে বলা হয়, “তৎকালীন মেয়র ক্ষমতা বহির্ভূতভাবে নুপুর সিনেমার হোল্ডিং ট্যাক্স কমিয়ে ১৯৯৬-৯৭ অর্থবছরে ৩ লাখ টাকা এবং ১৯৯৮-৯৯ অর্থবছরে ৩ লাখ টাকা আত্মসাত করেন। “এর মাধ্যমে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও নুপুর সিনেমা হলের মালিক আজগর চৌধুরী দ-বিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেন।” তদন্ত কর্মকর্তা ২০০৩ সালের ১১ নভেম্বর দুই আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ওই বছরের ৩১ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মামলা আমলে নেন। পাশাপাশি আসামীদের জামিন দেন। পরে মহিউদ্দিন চৌধুরীর আবেদনে হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম স্থগিত করে এবং রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি করে আদালত মামলা দুটি বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৯৪৩ ঘ.