২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে প্রতি জেলায় আদালত

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে সরকার প্রত্যেক জেলায় আদালত ও অতিরিক্ত আদালত স্থাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে সরকার প্রত্যেক জেলায় আদালত ও অতিরিক্ত আদালত স্থাপন করেছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ (এসআরও) জারি করেছে। আদেশে বলা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর ১৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে ৫ মার্চ, ২০১২-এর ৬৭ নং আদেশ (এসআরও) বাতিল করে সরকার প্রত্যেক জেলার জন্য আদালত ও অতিরিক্ত আদালত স্থাপন করেছে। প্রত্যেক জেলার জেলা জজের সমন্বয়ে একটি করে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালত’ (ট্রাইব্যুনাল) এবং প্রত্যেক অতিরিক্ত জেলা জজের সমন্বয়ে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত আদালত’ (ট্রাইব্যুনাল) স্থাপিত হবে। এ আইন অনুযায়ী, দাখিল করা সব আবেদন সংশ্লিষ্ট জেলার জন্য স্থাপিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালতে জমা দিতে হবে। ওই আদালত শুনানির জন্য গ্রহণ করা আবেদনগুলো নিজে নিষ্পত্তি বা ওই জেলার অতিরিক্ত আদালতে স্থানান্তর করতে পারবে। এর আগে প্রতিটি জেলায় জেলা জজের সমন্বয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালত স্থাপনে গত ৫ মার্চ ৬৭ নং আদেশ (এসআরও) জারি করে সরকার। ওই আদালতে জমা হওয়া আবেদনগুলো নতুন করে স্থাপিত এসব আদালতে স্বয়ংক্রিয়ভাবেই স্থানান্তরিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০৯ ঘ.