২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিরমারা খালেই কুমিরের পেটে জেলে

সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কুমিরমারা খাল থেকে কুমির এক জেলেকে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

বাগেরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কুমিরমারা খাল থেকে কুমির এক জেলেকে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে মাছ ধরার সময় আলমগীর হোসেন বয়াতী (৪০) নামে ওই জেলেকে কুমির নিয়ে যায় বলে জানায় বন কর্তৃপক্ষ। আলমগীর শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আব্দুল জব্বার বয়াতীর ছেলে। সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ক্যাশপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনকর্মীরা আলমগীরকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।” আলমগীর সুন্দরবন কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই খালে মাছ ধরতে গিয়েছিল বলে জানান ক্যাশপী বিকাশ। চালিতাবুনিয়া গ্রামের জেলে রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের জানান, আলমগীরসহ চার জেলে সোমবার সন্ধ্যায় সুন্দরবনের তেরাবেকা টহল ফাঁড়ির কাছে তালগাছিয়া এলাকার কুমিরমারা খালে মাছ ধরতে যায়। “মঙ্গলবার সকাল ৭টার দিকে জাল তোলার জন্য রুহুল আমীন এবং আলমগীর খালে নামে। মাঝামাঝি যাবার পরই একটি কুমির হঠাৎ আলমগীরকে কামড়ে ধরে। আলমগীর চিৎকার দিলে সহকর্মীরা এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে কুমির তাকে পানির নীচে নিয়ে যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৭ ঘ.