কুষ্টিয়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকিজ বিড়ি কারখানায় আনসারের গুলিতে নিহত তিন শ্রমিক পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানা মাঠে নিহত তিন শ্রমিকের স্ত্রীর হাতে চেক তুলে দেন বিড়ি কারখানার হিসাবরক্ষক আব্দুল্লাহ আল নাজির।
পরে শ্রমিক নেতা সুখেন সরকার তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, “শ্রমিকদের দাবিগুলো আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেছে। এ কারণে আপাতত আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি।”
মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় রোববার শ্রমিক সমাবেশে আনসার সদস্যরা গুলি চালালে মিন্টু ও রাকিবুল নামে দুই বিড়ি শ্রমিক নিহত ও ১০জন আহত হন।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান কালা নামের আহত আরেক শ্রমিক।
এরই মধ্যে ঘটনার সময় কারখানায় দায়িত্বে থাকা আট আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন কারখানার ব্যবস্থাপক।
এদিকে আনসারের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সোমবার রাত ১১টার দিকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি লুৎফর রহমান জানান, নিহত মিন্টুর ভাই সেন্টু বাদী হয়ে মামলাটি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮১০ ঘ.
bdnews24