ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহ্যবাহী জামদানি শাড়ির রং ও নকশার বিষয়ে আরো গুরুত্ব দেওয়ার পাশাপাশি এর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জামদানি শাড়ির রপ্তানি বাড়াতে সম্ভব সব কিছু করারও আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি এম আর মোস্তাকের নেতৃত্বে জামদানি প্রস্তুত ও রপ্তানিকারকরা এ সময় এ শিল্পের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। শেখ হাসিনা এসব বিষয় ধৈর্য্য ধরে শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
অ্যাসোসিয়েশনের নেতারা প্রধানমন্ত্রীকে জানান, বিভিন্ন সমস্যার কারণে এ শিল্প ঐতিহ্য হারাতে বসেছে।
প্রধানমন্ত্রী তাদের বলেন, জামদানি নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। তাছাড়া এর রং ও নকশার ওপর আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রপ্তানি ও বিক্রি বাড়াতে জামদানি শাড়ির দাম সাধারণ ক্রেতাদের নাগালে আনার জন্য প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, জামদানি শাড়ির রপ্তানি বাড়াতে যা যা প্রয়োজন- সরকার তার সবই করবে।
কেবল শাড়ি তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে জামদানির ওয়াল ম্যাটসহ অন্যান্য পণ্য তৈরির কথাও বলেন তিনি।
অ্যাসোসিয়েশনের নেতারা তাদের পণ্য রপ্তানির ওপর পাঁচ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ নগদ আর্থিক সহায়তার ব্যবস্থা আবারো চালু করার অনুরোধ জানান।
এছাড়া জামদানি প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সহজ শর্তে ঋণ দেওয়া, সরকারি ব্যবস্থাপনায় জামদানি শিল্পের যুগোপযোগী নকশা তৈরি ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য মেলার জন্য অনুমতি দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রস্তুতকারকরা।
অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে আরো ছিলেন এম এ বারেক, মফিজুল ইসলাম ও গোলাম মাওলা।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২০৫ ঘ.
bdnews24