নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পেপার বোর্ড নামে একটি কাগজ কারখানাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিপদপ্তর জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি চলছিল। প্রতিষ্ঠার পর থেকে গত ৭ বছর ইটিপি ছাড়াই বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণ করে আসছিল।
গত ৯ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল আকস্মিক অভিযান চালিয়ে দূষণের ঘটনাটি উদঘাটন করেন। অভিযানকালে কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা মূল ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায়।
সোমবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক পরিবেশ দূষণের ঘটনা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
পরে দূষণের দায়ে কারখানাটিকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২২ ঘ.
bdnews24