২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপদত্যাগের হুমকি বুয়েট শিক্ষকদের

উপাচার্যকে অপসারণে রোববার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন বুয়েট শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের মধ্যে উপাচার্য ও উপউপাচার্যকে অপসারণ না করলে একসঙ্গে পদত্যাগের হুমকি দিয়েছেন বুয়েট শিক্ষকরা। গত কয়েকদিনের টানা আন্দোলনের মধ্যে সোমবার শিক্ষক সমিতির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার গুজবে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সেমিনার কক্ষে বিকাল ৪টা থেকে আড়াই ঘণ্টাব্যাপী সভায় আড়াইশর বেশি শিক্ষক উপস্থিত থেকে সমিতির সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে সাবেক ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববারের মধ্যে উপাচার্য ও উপউপাচার্যকে অপসারণ করা না হলে শিক্ষকরা গণপদত্যাগ করবে। রোববার পর্যন্ত পদত্যাগপত্রে শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এ পর্যন্ত আড়াইশ’র বেশি শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা সবাই সোমবারের শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনার পরদিন থেকে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে সোমবারের সভায় লাগাতার অবস্থান কর্মসূচির পরিবর্তে প্রতিদিন দুই ঘণ্টা করে (সকাল ১১টা থেকে দুপুর ১টা) কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলে অধ্যাপক আমিনুল জানান। এদিকে শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছে- এ গুজব ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে গিয়ে কর্মসূচি প্রত্যাহার না করার আবেদন জানান। পরে শিক্ষক সমিতির নেতা হুমায়ুন কবির মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, শিক্ষকরা তাদের দাবি থেকে সরে আসেননি। এদিকে দুপুরে বুয়েটের সাবেক উপাচার্য, জ্যেষ্ঠ শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছেন, সভায় যে মতামত পাওয়া গেছে তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ‘কর্মসূচি’ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈঠকে বুয়েট উপাচার্য অধ্যাপক বা আন্দোলনরত শিক্ষকদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েও নিজেদের দাবির কথা জানায়। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে গত বুধবার একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আন্দোলনরত শিক্ষকরা সাফ জানিয়ে দেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বসতে তারা রাজি নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২২ ঘ.