ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিং রমজানে আধা ঘণ্টার বেশি হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে।
রমজানে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।
রমজানের শুরুর এক সপ্তাহ আগে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে তিনি বলেন, রোজার সময় একবারে আধা ঘণ্টার বেশি লোডশেডিং হবে না।
রমজানে বিদ্যুৎ উৎপাদন বর্তমানের চেয়ে ৬০০ মেগাওয়াট বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় যতদূর সম্ভব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করব আমরা।”
“সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে রোজার সময় প্রয়োজনে সাড়ে ছয় হাজার মেগাওয়াটই উৎপাদন করব আমরা। তবে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করলে ৬ হাজার ২০০ থেকে ৩০০ মেগাওয়াটেই চাহিদা পূরণ করা যাবে,” বলেন তিনি।
সরকারের হিসেবে, দেশে বর্তমানে বিদ্যুতের প্রকৃত চাহিদা প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট হলেও ‘ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট’র মাধ্যমে তা প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে, রোববার দেশে ৬ হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৬ হাজার ৫৫ মেগাওয়াট।
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত ২২ মার্চ। ওইদিন উৎপাদন হয়েছিল ৬ হাজার ৬৬ মেগাওয়াট।
তৌফিক ইলাহী বলেন, গত বছরের চেয়ে এ বছর বিদ্যুৎ উৎপাদন বাড়লেও কিছু কিছু জায়গায় বিতরণের সমস্যা রয়েছে।
রমজানে আজানের সময় যেন কোনোভাবে বিদ্যুৎ চলে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “ইফতার, তারাবি ও সেহরির সময় শিল্প কারখানায় উৎপাদন না করার অনুরোধ করছি। এছাড়া দোকান মালিকদেরও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করছি।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি ও বেসরকারি খাতে ৫৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এর মধ্যে ২৯টি কেন্দ্র উৎপাদন শুরু করেছে। এছাড়া গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা আরো ১৯টি কেন্দ্রও বর্তমান সরকারের সময় উৎপাদনে এসেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির হিসেবে, বর্তমান সরকারের সময় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট।
এসএমএসে বিদ্যুৎ বিল
রোববার থেকে এসএমএসের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিল দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ৬৪টি সমিতির তিনটিতে এসএমএসে বিদ্যুৎ বিল দেওয়া যাবে বলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়।
এগুলো হলো ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৯১০ ঘ.
bdnews24