২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা উপচে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম বন্যা দেখা দিয়েছে। বন্যায় দুই জেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

লালমনিরহাট/কুড়িগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম বন্যা দেখা দিয়েছে। বন্যায় দুই জেলার অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, সোমবার দুপুরে হাতিবান্ধায় তিস্তা ব্যারেজের দোয়ানী পয়েন্টে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার থেকে প্রবল বর্ষণ ও ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি বেড়েছে বলে জানান তিনি। জহুরুল বলেন, লালমনিরহাটে নদী তীরবর্তী ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিনি আরো বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে তিস্তার পানি বেড়ে যাওয়ায় নীলফামারী জেলায়ও বন্যা দেখা দিয়েছে। সেখানে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত রোববার বিকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদী বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ভাটিতে বাইশপুকুর চর রক্ষায় স্বেচ্ছাশ্রমে নির্মিত প্রায় চার কিলোমিটার দীর্ঘ বাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধটি রক্ষায় স্থানীয়রা নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৮৩৬ ঘ.