২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে উত্তাল হোসেনাবাদ

আকিজ বিড়ির কারখানায় গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ চলছে দৌলতপুরের হোসেনাবাদে। নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গুলির নির্দেশদাতাদের শাস্তিও চেয়েছেন শ্রমিকসহ স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

হাসান আলী দৌলতপুর থেকে ফিরে কুষ্টিয়া, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকিজ বিড়ির কারখানায় গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ চলছে দৌলতপুরের হোসেনাবাদে। নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গুলির নির্দেশদাতাদের শাস্তিও চেয়েছেন শ্রমিকসহ স্থানীয়রা। মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর কর্তব্যরত আনসার সদস্যরা গুলি চালালে দুই শ্রমিক নিহত হন দুই শ্রমিক। আনসারের পাশাপাশি মালিক পক্ষের লোকজনও গুলি চালায় বলে শ্রমিকদের অভিযোগ। সোমবার সকালে হোসেনাবাদে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ মিছিল করছে। শ্রমিকদের পাশাপাশি স্থানীয়রাও ছিল সেই মিছিলে। শ্রমিক নেতা সুখেন ও জাকির বলেন, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রমিক হত্যার ক্ষতিপূরণ দিতে হবে। বিচার করতে হবে গুলির নির্দেশদাতার। “ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, প্রয়োজনে কুষ্টিয়া জেলা শহরে এসে হরতাল-ধর্মঘটের কর্মসূচি দেব,” বলেন জাকির। শ্রমিক নেতাদের হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার দুপুরে দুই শ্রমিকের লাশ দৌলতপুরে নিয়ে যাওয়া হয়। দুই শ্রমিকের বাড়িই বৈরাগীর চরে, তাদের দাফন করা হয়েছে, বাড়িতে চলছে শোকের মাতম। নিহত মিন্টু আহমেদের মা বেদানা খাতুন সাংবাদিকদের বলেন, “আমার নির্দোষ ছেলেকে যারা নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।” নিহত রাকিবুল ইসলামের ভাই আব্দুল কুদ্দুসও ন্যায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। গুলিবর্ষণে দুজন শ্রমিক নিহত হওয়ার পর ১৩ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। উস্কানিদাতা হিসেবে চিহ্নিত কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলমকে আটক করা হয়েছে। শ্রমিকদের বর্তমান দাবির বিষয়ে জেলা পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, বলেন পুলিশ সুপার। এদিকে শ্রমিক নিহতের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে দৌলতপুর থানার ওসি ওসি শেখ লুৎফর রহমান জানিয়েছেন। রোববারের গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শ্রমিকরা খোরশেদ আলমের নাম বললেও থানা হেফাজতে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৪ ঘ.