ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েটের সাবেক উপাচার্য, জ্যেষ্ঠ শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় যে মতামত পাওয়া গেছে তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ‘কর্মসূচি’ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুয়েটের সাবেক উপাচার্য, সিনিয়র শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তবে বুয়েট উপাচার্য অধ্যাপক এ এম নজরুল ইসলাম বা আন্দোলনরত শিক্ষকদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
উপাচার্য ও উপউপাচার্যে পদত্যাগ চেয়ে গত এক সপ্তাহ থেকেই আন্দোলন চালিয়ে আসছে বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েও নিজেদের দাবির কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আন্দোলনরত শিক্ষকরা সাফ জানিয়ে দেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বসতে তারা রাজি নন।
উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে দুই ঘণ্টার প্রতীক অনশনও পালন করেন তারা।
বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম এ সময় সাংবাদিকদের বলেন, বিকালে সমিতির কার্য নির্বাহী পর্ষদের সভা রয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক উপাচার্যদের বৈঠকে ‘আশাব্যঞ্জক’ কোনো সমাধান না এলে বিকালের বৈঠকে কর্মসূচির বিষয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এর ঘণ্টা তিনেক পর সাবেক উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের মতামতগুলোকে গুরুত্ব দেব। পরিস্থিতির সমাধান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে যেন হয় আমরা সে চেষ্টা করব। বুয়েটকে সচল করাই আমাদের লক্ষ্য।”
বুয়েটে শিক্ষক-ছাত্রদের ধর্মঘট তুলে নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আলোচনার মাধ্যমেই সঙ্কটের সমাধান হবে।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বুয়েটের সাবেক শিক্ষক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটোয়ারি, এম এইচ খান ও ইকবাল মাহমুদ, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি ও রাজউক চেয়ারম্যান নুরুল হুদা, স্থপতি মোবাশ্বের হোসেন ও রবিউল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী ও আব্দুস সবুর এই বৈঠকে অংশ নেন।
এছাড়া বুয়েটের ডিন এবং সব বিভাগীয় প্রধানসহ মোট ৩৭ জন শিক্ষক এ বৈঠকে বিভিন্ন মতামত তুলে ধরেন।
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে গত বুধবার একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক।
পদত্যাগের পরও তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে রোববার শিক্ষামন্ত্রী বলেন, “এ ধরনের পদত্যাগকে পদত্যাগ হিসেবে ধরা হয় না। পদত্যাগপত্র গ্রহণ করা বা না করার বিষয়ও রয়েছে। আর এ বৈঠকে তাদের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবেই ডাকা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৬০৪ ঘ.
bdnews24