চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের এক শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে যাত্রী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।
জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে রাজশাহীর পরিবহন শ্রমিকরা মারধর করায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকে চাঁপাইনবাবগঞ্জের এ শ্রমিকরা।
ধর্মঘটের কারণে জেলা শহরের অভ্যন্তরেও কোনো গাড়ি চলতে দিচ্ছে না ধর্মঘটীরা। সকালে রাজশাহীগামী তিনটি ট্রাক ভাংচুর করে তারা।
এতে, যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বিপাকে পড়েছেন আম ব্যবসায়ীরা।
চাঁপাই নবাবগঞ্জের পুরাতন বাজারের আমের আড়তদার রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে এ ধর্মঘটের কারণে ঢাকায় পাঠানোর জন্য তার একশ’ ঝুড়ি আম প্রস্তুত হয়ে পড়ে আছে।
“আজকের মধ্যে এ আম পাঠাতে না পারলে পৌনে দু’লাখ টাকা লোকসান হবে আমার”, বলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী শ্রমিকরা আব্দুল খালেককে পিটিয়ে গুরুতর আহত করায় তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করেছে।
তিনি বলেন, “দাবি না মানা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।”
কয়েকজন পরিবহণ শ্রমিক ও পুলিশ জানায়, রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের এক গাড়ি চালকের সঙ্গে রাজশাহীর অপর এক বাস চালকের বাকবিত-ার জের ধরে রাজশাহী পরিবহণ নেতাদের লাঞ্ছিত করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা।
এতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর শ্রমিকরা এনামুল ও রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের দুই ট্রাক চালককে বেদম মারধর করে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে আহত ট্রাক চালকদের দেখতে গেলে রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক নেতা আব্দুল খালেককে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে শিরোইল বাস টার্মিনালে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
সোমবার সকাল সাড়ে ৬ার দিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০০ঘ.
bdnews24