২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বিআরটিএ কার্যালয় ‘দুর্নীতির আখড়া’

গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়কে ‘দুর্নীতির আখড়া’ আখ্যায়িত করে এর সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

গাজীপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়কে ‘দুর্নীতির আখড়া’ আখ্যায়িত করে এর সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ওই কার্যালয় পরিদর্শনের সময় বিআরটিএর পরিদর্শক জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়ার নির্দেশও দেন তিনি। দুপুর ১২টার দিকে আকস্মিক গাজীপুর বিআরটিএ কার্যালয়ে যান যোগাযোগমন্ত্রী। ওই দুই কর্মকর্তাকে কর্মস্থলে না পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেখান থেকেই মোবাইল ফোনে বিআরটিএ’র মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। বিআরটিএ’র ওই কার্যালয়কে ‘দুর্নীতির আখড়া’ এবং সহকারী পরিচালক মিজানুর রশিদকে ‘দালালদের সরদার’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, “তাদের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ পাওয়া গেছে। “গাজীপুর বিআরটিএ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক আমার কাছে অনেক অভিযোগ করেছেন। তারা ঠিকমতো অফিস করেন না।” গাড়ি না এনেই টাকা-পয়সা দিয়ে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য বিআরটিএ কর্মকর্তাদের দায়ী করে মন্ত্রী বলেন, “দালালদের সঙ্গে যোগসাজশ করে তারা এ অফিসটাকে দুর্নীতির আখড়া বানিয়েছে।” কার্যালয়ে না থাকলেও মন্ত্রী আসার খবর শুনে ২০ মিনিট পরে মিজানুর রশিদ কর্মস্থলে আসেন। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ক্ষমা চাইলে মন্ত্রী তাকে বলেন, “চেহারা দেখে তো তোমাকে রোগী বলে মনে হয় না।” এসময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান, গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গাজীপুর পৌরসভার মেয়র আব্দুল করিম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। পদ্মা সেতু নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, “এ নিয়ে আমি কিছু বলব না।” “বিরোধী দলের কথা বলার অধিকার আছে। তবে, সমালোচনার নামে তারা যদি অপপ্রচার করে, তার জবাব জনগণই তাদের দেবে,” বিএনপির সমালোচনার জবাবে বলেন তিনি। মন্ত্রী গাজীপুর জেলা শহরের একমাত্র সড়কে খানাখন্দ থাকায় পৌর মেয়রকে আগামী তিন দিনের মধ্যে রাস্তাটি মেরামত করার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২১৫৭ ঘ.