ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এক বাংলাদেশি যাত্রী।
এতে গোটা বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়েনের সহকারী পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টা ৩ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী সুলতান মিয়া (৩৬) নিজের সঙ্গে বোমা থাকার দাবি করে তা বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়।
“হুমকির বিষয়টি অবহিত হলে কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানটি অবতরণ করলে সুলতান মিয়াকে আটক করা হয়।”
পুলিশ কর্মকর্তা মিনহাজ জানান, সুলতানের ব্যাগ ও দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। তাদের ধারণা তিনি মাদকাসক্ত।
জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেছেন, দুবাইয়ে তিনি ছয় মাস জেল খেটেছেন। এরপর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বাড়ি সিলেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৫২ ঘ.
bdnews24