চাঁদপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের চিতোষী এলাকায় তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে বলে চিতোষীর রেল স্টেশন মাস্টার তপন কুমার মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রেলের তেলবাহী বগির মধ্যে চারটি চিতোষী এলাকা অতিক্রমকালে লাইনচ্যুত হয়। এতে চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।”
দুর্ঘটনা কবলিত তেলের বগিগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানান তপন মিত্র। তবে এই ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা বলতে পারেননি তিনি।
চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে পাথর না থাকা ও সংস্কার কাজ না হওয়ায় এই রুটে প্রায়ই ট্রেন দুর্ঘটনায় পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২১৩১ ঘ.
bdnews24