লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাড়ির নিখোঁজ দারোয়ানের মোবাইল ফোন সেট গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার আত্মীয়ের কাছ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মামলার বর্তমান তদন্তকারী সংস্থা র্যাব কর্মকর্তারা বলছেন, দারোয়ান হুমায়ুন কবিরকে খুঁজতে গিয়ে তার মোবাইল সেটের সন্ধান পান তারা। রোববার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. সোলায়মানের ভাই মোসলেম উদ্দীনের কাছ থেকে সেটটি উদ্ধার করেন তারা। পুলিশের ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছেন তারা।
র্যাবের হাতে তদন্তভার যাওয়ার পর থেকেই দারোয়ানকে খুঁজে পাচ্ছেন না র্যাব কর্মকর্তারা।
মামলাটির তদন্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত এপ্রিল মাসে তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছ থেকে র্যাবের হাতে দিতে নির্দেশ দেয়।
১১ ফেব্রুয়ারি সংঘটিত আলোচিত এ হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সোলায়মানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোনটি ভুল ক্রমে মামলা হস্তান্তরের সময় র্যাবকে দেওয়া হয়নি।”
তার দাবি, সেটটি মামলার ‘আলামত’ হতে পারে না।
গত তিন মাস ধরে সেটটি তার কাছে ছিল জানিয়ে ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি তার ভাই সেটি ব্যবহার শুরু করেন।
মামলার তদন্তে পুলিশে জিজ্ঞাসাবাদ শেষে হুমায়ুন ‘ভুল করে’ সেটটি রেখে গিয়েছিলেন বলে কর্মকর্তা সোলায়মান দাবি করেন।
র্যাব কর্মকর্তারা বলছেন, পুলিশ কর্মকর্তা নিজে এসে তার ভাইকে নিয়ে গেলেও বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে তারা। হুমায়ুন কবিরকে খুঁজে পেতে এই ঘটনা পথ দেখাতে পারে বলেও মনে করছেন তারা।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে মোবাইল সেট উদ্ধারের পর রোববার সন্ধ্যার আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি র্যাব গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
র্যাব কর্মকর্তারা জানান, রোববার সকালে তেজগাঁও রেল স্টেশন সড়ক থেকে সোলায়মানের ভাই মোসলেমকে আটক করা হয়। পরে তাকে র্যাব-২ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তারা বলছেন, এই মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে হুমায়ুন কবিরকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন সেট সনাক্ত করে দেখা যায় সেটি অন্য একটি সিমে ব্যবহার করা হচ্ছে।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, “এর আগে দারোয়ান হুমায়ুনের খোঁজে তার বাড়ি কুড়িগ্রামে গিয়ে দেখা যায়, ঠিকানাটি ভুয়া।”
সহকারী কমিশনার সোলায়মান বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পরিদর্শক রবিউল ইসলাম। কিন্তু তিনিও ‘ছায়া তদন্ত’ করতেন। এরই এক পর্যায়ে হুমায়ুন কবিরকে তিনি গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন।
এদিকে র্যাবের মুখপাত্র এম সোহায়েল রোববার সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত কাজ চলছে। তদন্তের প্রয়োজনে যা কিছু করা প্রয়োজন বলে মনে হচ্ছে র্যাব তাই করছে। যেনো তদন্তে কোন কিছু অপরিপূর্ণ না থাকে।
১১ ফেব্রুয়ারি ভোরের কোন এক সময় পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের সাগর সরওয়ার এবং এটিএন বাংলার মেহেরুন নাহার রুনি নিহত হন।
এ মামলায় কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহত দম্পতির সহকর্মীরা রাজপথে আন্দোলন করছে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১১৭ ঘ.
bdnews24