২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা দূষণের জন্য দুই কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণ ঘটানোয় দুটি বস্ত্র কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণ ঘটানোয় দুটি বস্ত্র কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রূপগঞ্জের বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটিডকে ১৯ লাখ ৭৬ হাজার এবং রকি টেক্সটাইল লিমিটেডকে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ ছাড়পত্রবিহীন বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সাবেক হার্ভেস্ট রীচ) ইটিপি বন্ধ রেখে এবং রকি টেক্সটাইল মিল ইটিপি ছাড়াই তরল বর্জ্য নদীতে নির্গমন করতে দিচ্ছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বেনেটেক্সের মালিক এমএ বারীকে এবং রকি টেক্সটাইলের মালিক মেজবাহ উদ্দিন চৌধুরীকে জরিমানা করা হয় এবং ত্রুটিমুক্ত ইটিপি চালু না করা পর্যন্ত ডাইং (রং করার) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, “কতিপয় শিল্প উদ্যোক্তা অতি মুনাফার লোভে নির্বিচারে পরিবেশ ধবংস করছে। তাদের এ ধবংসাত্মক আচরণে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর অস্তিত্ব বিলুপ্ত প্রায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১০৩ ঘ.