ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড সন্ত্রাস সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসব মামলা দ্রুত বিচার আদালতের স্থানান্তরের প্রক্রিয়া নির্ধারণ এবং যাচাই-বাছাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও পরিকল্পনা শাখার যুগ্ম-সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশের মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলের মনোনীত প্রতিনিধি।
সভায় কাউন্সিলের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় এসিড নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের সহায়তায় নিয়োজিত প্রতিষ্ঠান ‘এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনকে’ জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০১৪ ঘ.
bdnews24