ময়মনসিংহ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ততার ঘটনা জানিয়ে থানায় সাধারণ ডায়েরির (জিডি) ৪৮ ঘণ্টার মধ্যেই এক তরুণীর বড় ভাইকে কুপিয়েছে বখাটেরা।
ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় উক্তত্যকারীরা বেপরোয়া হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ওই তরুণীর পরিবার।
ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকার সানা মিয়ার ছেলে রিয়ানের (১৯) বিরুদ্ধে উত্ত্যক্ততা ও হামলার অভিযোগ তুলে রোববার কালীবাড়ী এলাকার প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের সামনে চরপাড়ায় বাসিন্দারা মানববন্ধন করেছে।
উত্ত্যক্ততা ও হামলার বিচারও দাবি করেছেন তারা।
প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীকে কিছু দিন ধরে রিয়ান ও তার দলবল বাঘমারা এলাকায় উত্ত্যক্ত করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
বখাটেদের অত্যাচার অব্যাহত থাকায় ওই তরুণীর বাবা শামসুল হক গত ১২ জুলাই বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অভিযোগে তিনি বলেন, যে কোনো সময়ে তার মেয়ের ও পরিবারের ক্ষতি করতে পারে রিয়ান ও তার দল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।
এলাকাবাসী জানায়, এরপর রিয়ান ক্ষিপ্ত হয়ে শামসুল হকের পরিবারের সদস্যদের হুমকি দেয়। শনিবার বিকাল ৫টার দিকে স্কুল ছুটি হওয়ার সময় ওই তরুণীর ভাই রাজীব তার বোনকে বাসায় নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। তখন রিয়ানসহ বখাটেরা রাজীবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
রাজীবের চাচা আব্দুল মান্নান শনিবার রাতে রিয়ানসহ মোট সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় অন্য অভিযুক্তরা হলেন- নাইম, রচি, নয়ন, শাহ্্ আলম, টিপু ও পাভেল।
আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় উত্ত্যক্তকারীরা বেপরোয়া হয়ে হামলা করেছে।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিডিতে করা অভিযোগের তদন্তের দায়িত্ব থানার এসআই গিয়াস উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গিয়াস উদ্দিন তার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি।”
তবে বিষয়টি এখন থেকে তিনি নিজে দেখছেন বলে জানান ওসি গোলাম সারওয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24