ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পকলার যে শিক্ষায়তনের নকশা তিনি নিজে হাতে করেছিলেন, সেই চারুকলা অনুষদেই শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলাদেশে ‘আধুনিক’ স্থাপত্যকলার রূপকার মাজহারুল ইসলাম।
রোববার দুপুরে চারুকলার জয়নুল গ্যালারির সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে তার চলার পথের সঙ্গী, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা বলেন, মাজহারুল ইসলামের মৃত্যুতে বাংলার আকাশ থেকে একটি তারা খসে গেল।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মাজহারুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সমস্যায় ভুগছিলেন স্থপতি। অবস্থার অবনতি হওয়ায় মাস দেড়েক আগে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে এই স্থপতির বাসায় যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, মাজহারুল ইসলামের অভাব কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এই স্থপতির মৃতুতে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।
রোববার দুপুর পৌনে একটার দিকে মাজহারুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়ে যাওয়ার আগেই স্থপতি, শিল্পী, নাগরিক অধিকার কর্মী ও রাজনৈতিক নেতা, বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা সেখানে ভিড় করেন।
নাগরিক আন্দোলনের নেতা কামাল লোহানী বলেন, “তিনি ছিলেন তিন দশকের সাহসী নেতা। তাকে দেশের স্থাপত্য শিল্পের গুরু বললেও ভুল হয় না। শুধু স্থাপত্য নয়, সমাজ সচেতন বিভিন্ন কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।”
তিনি জানান, দীর্ঘ দুই দশক ন্যাশনাল আওয়ামী পার্টির কোষাধ্যক্ষ ছিলেন মাজহারুল ইসলাম। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
“আজীবন আমাদের পথ দেখিয়েছেন তিনি। তার কাজ মৃত্যুর পরও আমাদের পথ দেখাবে।”
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “এ দেশের স্থাপত্য শিল্পকে তিনি (মাজহারুল) প্রতিষ্ঠিত করেছিলেন। জাতির বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রজ ভূমিকায় ছিলেন। তার প্রয়াণের মাধ্যমে যে ক্ষতি হল তা পূরণ হওয়ার নয়।”
মাজহারুল ইসলামের কাজ ও চেষ্টায় বাংলাদেশের স্থাপত্য শিল্প আন্তর্জাতিক পরিমণডলেও পরিচিতি পেয়েছে উল্লেখ করে স্থপতি মোবাশ্বের আলম বলেন, “তার চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না। তার মৃত্যুতে বাংলার আকাশ থেকে একটি ধ্রুবতারা খসে গেল।”
জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশা, জাতীয় গ্রস্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও লাইব্রেরি ভবন, রাঙ্গামাটি শহর পরিকল্পনাসহ দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটের নকশা তৈরি হয়েছিল মাজহারুল ইসলামের হাত দিয়ে।
তার জীবন দর্শন ছিল একইসঙ্গে একজন বাঙালি ও একজন বিশ্বমানব হয়ে ওঠা। এই দর্শন থেকেই বাংলাদেশের স্থাপত্যকলার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন তৈরির চেষ্টা করে গেছেন জীবনভর।
জাতীয় সংসদ ভবনের নকশা করার দায়িত্ব পেলেও তারই আগ্রহে শেষ পর্যন্ত কাজটি করেছেন তার শিক্ষক ও বিশ্ববরেণ্য স্থপতি লুই আই কান। স্ট্যানলি টাইগারম্যান ও পল রুডলফের মতো স্থপতিরাও বাংলাদেশে এসেছেন মাজহারুলেরই আমন্ত্রণে।
মাজহারুল ইসলাম ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেন। ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নেওয়ার পর ১৯৪৬ সালে ইঞ্জিনিয়ারিংয়ে ¯œাতক ডিগ্রি নেন। স্থাপত্যবিদ্যায় ¯œাতক ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের অরিগন বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৫২ সালে। পরে লন্ডনের এ.এ. স্কুল অব আর্কিটেকচার থেকে ¯œাতকোত্তর করেন।
১৯৬১ এর শেষ দিকে দেশে ফিরে তখনকার পূর্ব পাকিস্তানের কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড ইরিগেশনে প্রকল্পে যোগ দেন স্থপতি মাজহারুল। ১৯৬৪ সালে সরকারি চাকরি ছেড়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সঙ্গে ‘বাস্তুকলাবিদ’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য অনুষদ চালুর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন মাজহারুল ইসলাম। সেখানে খণ্ডকালীন শিক্ষকতাও করেন।
স্থাপত্যশিল্পে অবদানের জন্য ১৯৯৯ সালে স্বাধীনতা পুরস্কারসহ জীবনভার বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
চারুকলায় শ্রদ্ধা জানানো শেষে এই কৃতি স্থপতির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে এই মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় গার্ড অব অনার।
জোহরের নামাজের পর সেখানেই মাজহারুল ইসলামের প্রথম জানাজা হয়। তারপর কফিন নিয়ে যাওয়া হয় গুলশান-২ এ তার বাসায়। তাকে শেষবারের মতো দেখতে বিকাল ৪টার পর সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি স্থপতি মাজহারুল ইসলামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
স্থপতির পুত্রবধূ তাবাসসুম ইসলাম জানান, মাজহারুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল সমাধি প্রাঙ্গণে দাফন করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কেবল রাষ্ট্রপতি।
নজরুল সমাধিতে জায়গা না হওয়ায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাজহারুল ইসলামকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে বলে তাবাসসুম জানান।
বিকালে গুলশানের আজাদ মসজিদে শেষ জানাজার পর এই স্থপতিকে সন্ধ্যার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএমটি/এমডি/জেকে/১৯৩৯ ঘ.
bdnews24