২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট উপাচার্যের অপসারণ চায় ছাত্রদলও

উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ছাত্রদল। রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, দলবাজ উপাচার্য নিয়োগের ফলে সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলো আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। কারণ অনির্বাচিত উপাচার্যরা শিক্ষা প্রতিষ্ঠার ঐহিত্য ও শিক্ষার মান রক্ষায় কাজ করছেন না। “তারা দুর্নীতি ও দলীয়করণে ব্যস্ত আছেন। তাই আমরা বুয়েটসহ সব বিশ্ববিদ্যালয়ের অনির্বাচিত উপাচার্যদের পদত্যাগ দাবি করছি।” এই দাবিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বৈঠক করে শিগগিরই কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার থেকে লাগাতার অবস্থান ধর্মঘট চালিয়ে আসছে বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। এ দাবিতে রোববার তারা রাষ্ট্রপতি ও আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের দলীয়করণের চিত্র তুলে ধরে ছাত্রদল সাধারণ সম্পাদক আলিম বলেন, “বর্তমান সরকারের দলীয় ভিসি, কর্তাব্যক্তি ও ছাত্রলীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে ধ্বংস করে দিচ্ছে। তাদের সন্ত্রাসের করাল গ্রাসে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তায় দুলছে।” সিলেটের এমসি কলেজের ঐহিত্যবাহী ছাত্রাবাসে ছাত্রলীগের কর্মীরা আগুন লাগিয়েছে দাবি করে দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত ছাত্রাবাস দ্রুত নির্মাণের দাবি জানায় ছাত্রদল নেতারা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ছাত্রদলের শহীদুল ইসলাম বাবুল, হায়দার আকবর লেলিন, দুলাল হোসেন, আমিরুজ্জমান খান শিমুল, আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫২১ ঘ.