চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে নগরীর বাজারগুলোতে পর্যবেক্ষণ শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রোববার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি দল বিভিন্ন বাজারে যায়। তারা নগরীর
বিবির হাট, কর্ণফুলী মার্কেট, কাজীর দেউরী বাজার, স্টিল মিল বাজার, রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
প্রথমদিনে বাজারগুলোতে গিয়ে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য তালিকা পরখ এবং তা টাঙানো হয়েছে কি না তদারকি করে পর্যবেক্ষণ দল।
বিভিন্ন বাজার পরিদর্শন শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রেতারা তাদের পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য তালিকা সঙ্গে রেখেছেন কিনা প্রথমদিন আমরা তা পরখ করেছি। এছাড়া তারা পণ্য বিক্রয়ের সময় ক্রেতাদের তা দেখাচ্ছেন কিনা তাও পর্যবেক্ষণ করা হয়েছে।”
তবে অধিকাংশ দোকানেই পণ্যমূল্য তালিকা নেই জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তালিকা না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।
গত ৯ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসনের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভায় নগরীর ১৭টি বাজার পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বাজারের দোকানগুলোতে পণ্যমূল্য টাঙাতে গত ১০ জুলাই জেলা প্রশাসন প্রজ্ঞাপন জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪৪ ঘ.
bdnews24