২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন উদ্ধার কাজে ট্রেন চলাচল ৭ ঘণ্টা বন্ধ

গাজীপুরে দুর্ঘটনা কবালিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ চলাকালে শনিবার ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

গাজীপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুর্ঘটনা কবালিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ চলাকালে শনিবার ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিল। এতে ওই রুটে চলাচলকারী সব ট্রেনের সময়সূচি কয়েকঘণ্টা করে পিছিয়ে যায়। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনাস্থলে রেল লাইন মেরামত এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার কাজের জন্য শনিবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে প্রতিটি ট্রেনই ৭/৮ ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যাচ্ছে। সিগনালিং ব্যবস্থায় বিপর্যয় ঘটায় ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনরুট সচল রাখা হয়েছে। এখন প্রতিটি সিগন্যাল পার হতে প্রায় আধাঘণ্টা সময় বেশি লাগছে। তিনি আরো বলেন, ধীরাশ্রম স্টেশনে ক্রসিং ব্যবস্থা না থাকায় টঙ্গী রেল জংশন ও জয়দেবপুর রেল জংশন এলাকায় ট্রেনগুলোকে ক্রসিং দেওয়া হয়। এতে ওই দুই জংশনে ট্রেন জ্যামের সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল রাখতে মেরামত ও উদ্ধার কার্যক্রম শনিবার বেলা ১১টার পর থেকে বন্ধ রাখা হয়েছে। তবে রাতে আবার শুরু হবে, বলেন এই রেল কর্মকর্তা। রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী নূর আহমদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রুটে ট্রেন চলাচল অব্যাহত রাখতে দিনের বেলায় কাজ বন্ধ রাখা হয়েছে। রাত ১২টা থেকে উদ্ধার ও মেরামত পুনরায় শুরু হবে। লাইনের পাশে যেখানে ইঞ্জিনটি পড়ে আছে সেখানে কর্দমাক্ত থাকায় ক্রেন বসানো যাচ্ছে না। তাই উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলে তিনি জানান। শুক্রবার খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এরপর ঢাকার সঙ্গে এই রুটে ট্রেন চলাচল প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.