ঝালকাঠী, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র ঘোষিত জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেছে ঝালকাঠী জেলা যুবলীগের একটি অংশ।
সরকার সমর্থক এই সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের দিন শনিবার সকাল ১১টায় জেলার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক যুবলীগ নেতাকর্মী বিক্ষোভ মিছিলসহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দেয়।
গত ১৭ জুন কেন্দ্রীয় কমিটি ঝালকাঠী জেলা যুবলীগের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে। এই আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে জেলার যুবলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এছাড়া, পাল্টা আহবায়ক কমিটি ঘোষণাও করা হয়।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। তার মধ্যেই ঝালকাঠীতে এই কর্মসূচি হল।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো আলোচনা ছাড়াই সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটি ঢাকায় বসে ঝালকাঠী জেলা যুবলীগের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে।”
“যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসের দিনে কেন্দ্রীয় কমিটির অগণতান্ত্রিত এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রতীকী অনশন করে প্রতিবাদ জানানো হল।”
ঘোষিত কমিটির ২৮জন সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলেও দাবি করেন জাকির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৪২২ ঘ.
bdnews24