২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: বিএনপি

রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি বলেন, “রমজান মাস শুরুর আগে দাম বাড়িয়ে দিয়ে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরকারের একটি সিন্ডিকেট এভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে অসদুপায়ে মুনাফা অর্জন করছে।” রমজানের আগে বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও তার কোনো ফল দেখা যাচ্ছে না বলে বিএনপির অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নিন। “নইলে জনমনে যে বিস্ফোরণ পুঞ্জিভূত হয়ে আছে, তার পরিণতি শুভ হবে না। এমন সময় আসবে, তখন আপনারা পালাবার পথ পাবেন না।” লেবার পার্টির উদ্যোগে প্রতীক অনশন কর্মসূচিতে এই কথা বলেন সাবেক মন্ত্রী মোশাররফ। তিন ঘণ্টার অনশন শেষে তিনি লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। মোশাররফ বলেন, “সরকার কেবল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই ব্যর্থ হয়নি। তারা জনগণকে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ করতেও ব্যর্থ হয়েছে। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে।” দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ভর্তুকির জন্য জনগণের ‘পকেট কাটা’ হচ্ছে মন্তব্য করে এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মোশাররফ। তিনি বলেন, “বিদ্যুৎ নিয়ে সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর বিরুদ্ধে জনগণকে সর্তক থাকতে হবে। সরকারের ভ্রান্তনীতির কারণে দেশে কার্যত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, অথচ প্রতিবছর হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে।” বিরোধী দল দ্রুতভাড়া ভিত্তিক বা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে এলেও সরকার বলছে, সঙ্কটের আশু মোকাবেলায় এর বিকল্প ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.