নওগাঁ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরির অভিযোগে সালিশে নওগাঁর মান্দা উপজেলায় দুই শিশুর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় সালিশ চলাকালে জুয়েল রানা (১১) ও শুভকে (৮) মারধর করে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়।
গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জুয়েল রানা কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি এবং শুভ চককানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, সকালে বাজারে তরকারি কেনার সময় মিঠুন নামে এক যুবক তাকে ধরে মুরগিপট্টিতে নিয়ে যায়।
পরে ভিডিও একটি গেমসের দোকানে নিয়ে চুরির অভিযোগে সালিশের নামে হাত-পা বেঁধে মিঠুন, ভুট্টো, সাইদুর, ইয়াসিন ও হাবুল লাঠি দিয়ে তাকে বেদম মারধর করে।
এক পর্যায়ে তাকে গরম খুন্তির ছ্যাঁকা দিলে শরীরের বিভিন্নস্থানে ফোঁসকা পড়ে।
জুয়েল রানা বলে, সকালে পরীক্ষার পড়া শেষ করে বাড়ির বাইরে এলে বাজারের সাইদুর ও ভুট্টো তাকে ধরে মুরগিপট্টির ওই ঘরে নিয়ে যায়। তার সঙ্গে বাবা-মাও উপস্থিত হন সেখানে। তাদের সামনেই ছেলেকে হাত-পা বেঁধে মারধর করে এবং ছ্যাঁকা দেয়।
জুয়েলের বাবা ইয়াপেস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের চিৎকার ও আর্তনাদে সালিশে থাকা স্থানীয় মাতবর রইছ উদ্দিন জোয়াদ্দারের কাছে গেলে তিনি ১৫ হাজার টাকা দাবি করেন। পরে ছয় হাজার টাকা দিয়ে জুয়েলকে ছাড়িয়ে নেন।
এ ব্যাপারে রইছ উদ্দিন জোয়াদ্দার বলেন, মিঠুন নামে এক যুবকের ভিডিও গেমসের দোকান থেকে দুটি মোবাইল ফোন ও বেশকিছু মেমোরিকার্ড চুরি হয়। তাই তাদের ধরে এনে সামান্য মারধর করে জরিমানা আদায় করা হয়েছে।
মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী বলেন, তদন্ত করে এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24