যশোর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের এক সাংবাদিকের গলা চেপে ধরা যশোরের কোতোয়ালি থানার ওসি আব্দুল জলিল ভূঁইয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার কামরুল আহসান শুক্রবার রাতে এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ওসিকে খুলনা রেঞ্জে সংযুক্ত করতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এ নির্দেশনা যশোরে পৌঁছায়।”
বৃহস্পতিবার বিকালে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হন একুশে টেলিভিশনের যশোর প্রতিনিধি শিকদার খালিদসহ কয়েকজন সাংবাদিক।
এ সময় ওসি আব্দুল জলিল ভূঁইয়া তার গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন সাংবাদিক খালিদ।
এ ঘটনায় শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা চান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৩৮ ঘ.
bdnews24